শ্রীনগর, 22/01/2025, নিজস্ব প্রতিনিধি : ওসি অরুণোদয় দাসের নেতৃত্বে ইন্সপেক্টর নারায়ণ সেন, টি এস অফিসার, টিএসআর ও সিআরপিএফ এর যৌথ অভিযানে শ্রীনগর থানার পুলিশ আজ বড়সড় সাফল্য পেল। আনন্দনগর ভারত সর্দার পাড়ার ফরেস্ট লেন এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন লক্ষ টাকার গাঁজা বাগান ধ্বংস করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মোট সাত কানি জমি জুড়ে অবৈধভাবে গাঁজা চাষ করা হয়েছিল। অভিযানের সময় পুলিশ প্রায় ১৫০০টি গাঁজা গাছ কেটে ধ্বংস করে। তবে পুলিশের উপস্থিতির খবর পেয়ে বেশ কিছু জায়গা থেকে গাঁজা চাষীরা আগেই গাছ কেটে নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলে ব্যাপক পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায়। অবৈধ মাদক চাষের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে শ্রীনগর থানার পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং এর সঙ্গে যুক্ত কাউকেই রেহাই দেওয়া হবে না।