কমলা সাগর, 06/03/2026, নিজস্ব প্রতিনিধি : স্ত্রীকে খুন করে মৃতদেহ নিয়ে রাত কাটালো অভিযুক্ত খুনি স্বামী।
সকালে নাটক করতে গিয়ে ধরা পড়ে অভিযুক্ত স্বামী লক্ষিন্দর মুন্ডা। মৃত গৃহবধুর নাম মনি মুন্ডা (রটে)। ঘটনা কমলাসাগর হরিশ নগর মুন্ডা পাড়া এলাকায়। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ। পারিবারিক অশান্তির জেরে প্রতিনিয়ত যৌতুক দেওয়ার জন্য নেশাগ্রস্ত অবস্থায় স্বামী স্ত্রীর উপর আক্রমণ চালায়। ঘরে দুটি সন্তান রয়েছে, কিন্তু নেশাগ্রস্ত স্বামী সেদিকে চিন্তা না করে গতকাল রাতে নেশাগ্রস্ত অবস্থায় ঘরে ঢুকে স্ত্রীর উপর নির্যাতন চালায়। স্বামীর আঘাতে রাতেই মাথা ফেটে স্ত্রীর মৃত্যু হয়। কিন্তু স্বামী সে ঘটনা কাউকে জানায়নি, শুক্রবার সকালে হঠাৎ সে চিৎকার করতে থাকে তার স্ত্রী মাটিতে পড়ে রয়েছে। মৃত গৃহবধূর আত্মীয়-স্বজন ছুটে এসে তাকে জিজ্ঞাসা করতে তার কথায় অসংলগ্নতা লক্ষ্য করতে পেরে পুলিশকে খবর দিলে বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে স্বামীকে জিজ্ঞাসা করলে সে কোন রকম সঠিক উত্তর দিতে পারিনি। এলাকাবাসীর মতামত প্রায় সময় মদমত্ত অবস্থায় স্বামী তার স্ত্রীকে মারধোর করতো। গতকাল রাতেও স্বামী-স্ত্রীর ঝগড়া ও স্ত্রীর আর্তনাদ শুনতে পেয়েছে এলাকাবাসী, পুলিশের সামনে এসব ঘটনা প্রকাশ্যে আসলে পরবর্তী সময়ে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এই ঘটনা মুহূর্তের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত স্বামীর কঠোর শাস্তির দাবি করেন এলাকাবাসী।