রেস্তোরাঁ ভেঙ্গে দিল বেপরোয়া গাড়ি! সাত সকালে উদয়পুর রমেশ চৌমুহনিতে চাঞ্চল্য!!
রাজ্য

রেস্তোরাঁ ভেঙ্গে দিল বেপরোয়া গাড়ি! সাত সকালে উদয়পুর রমেশ চৌমুহনিতে চাঞ্চল্য!!

উদয়পুর, 09/03/2026, নিজস্ব প্রতিনিধি : উদয়পুর শহরের রমেশ চৌমুহনি এলাকায় সোমবার ভোররাতে একটি বোলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা একটি রেস্টুরেন্টে ধাক্কা দেওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় রেস্টুরেন্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ভোররাতে রাবার বোঝাই একটি বোলেরো গাড়ি (নম্বর – TR03E1765) জাতীয় সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অবস্থিত “দাদা বৌদির রেস্টুরেন্ট” নামক দোকানে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে রেস্টুরেন্টটির সামনের অংশ ভেঙে যায় এবং দোকানের ভিতরে থাকা টেবিল, চেয়ার, কাঁচের সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনার সময় এলাকায় তেমন লোকজন না থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। তবে ধাক্কার শব্দে আশপাশের বাসিন্দারা ছুটে এসে ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনার খবর পেয়ে আর কে পুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনাগ্রস্ত বোলেরো গাড়িটিকে আটক করে আর কে পুর থানায় নিয়ে যাওয়া হয়।

সোমবার সকালে দোকানের মালিক তাপস সাহা দোকানে এসে দেখেন তার রেস্টুরেন্টের ভিতরে থাকা প্রায় সমস্ত জিনিসপত্র ভেঙে তছনছ হয়ে পড়ে রয়েছে। আকস্মিক এই ঘটনায় তিনি হতবাক হয়ে পড়েন। এদিকে, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ধাক্কা দিল তা খতিয়ে দেখতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের মতে, জাতীয় সড়কের এই অংশে প্রায়শই দ্রুতগতিতে যানবাহন চলাচল করে। ফলে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।