মোহনপুরে সাংবাদিকের উপর হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব জেডিইউটি।
রাজ্য

মোহনপুরে সাংবাদিকের উপর হামলা, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব জেডিইউটি।

সিধাই, 14/04/2026, নিজস্ব প্রতিনিধি : মোহনপুরে সাংবাদিকের উপর হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব জেডিইউটি।মোহনপুরের সাংবাদিক রাজারাম ঘোষের উপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জার্নালিস্টস ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা (জেডিইউটি)। গণমাধ্যমকর্মীর উপর এ ধরনের আক্রমণ শুধু ব্যক্তি বিশেষের উপর নয়, বরং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত বলে সংগঠনের পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে। জেডিইউটি-র প্রতিনিধি দল সাংবাদিক রাজারাম ঘোষের সাথে দেখা করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করে। রাজারাম ঘোষ জানিয়েছেন, ১২ই এপ্রিল টিটিএএডিসি নির্বাচনের ভোটগ্রহণ শেষে ইভিএমগুলি যখন মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের স্ট্রং রুমে নিয়ে আসেন ভোটকর্মীরা তখন তিনি সেখানে কর্তব্যরত অবস্থায় ছিলেন। তখন একটি রাজনৈতিক দলে আশ্রিত দুষ্কৃতকারীরা সাংবাদিক রাজারাম ঘোষের উপর চড়াও হয় এবং মারধর করে।

মঙ্গলবার জেডিইউটি-র প্রতিনিধি দল সিধাই থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) সঞ্জয় লস্কর -এর সঙ্গে সাক্ষাৎ করে ঘটনার বিস্তারিত তুলে ধরে। প্রতিনিধি দল ঘটনায় জড়িত দোষীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোরালো দাবি জানায়।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, রাজ্যের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে। জেডিইউটি স্পষ্টভাবে জানায়, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করা হলে সংগঠন বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে।