বিশালগড়, 15/04/2026, নিজস্ব প্রতিনিধি : পহেলা বৈশাখের দিনে অসহায় দরিদ্র দশম শ্রেণী পড়ুয়া ছাত্রের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন বিশালগড় থানার ওসি বিজয় দাস । বিশালগড় অফিস টিলা এলাকার একেবারে দীন দরিদ্র পরিবারের সন্তান সাগর পাল। সে এবার বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে নবম শ্রেণী থেকে ভালো রেজাল্ট করে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। সে পড়তে চায়। কিন্তু তার বাবার দশম শ্রেণীর বই ক্রয় করে দেওয়ার ক্ষমতা নেই। যার ফলে মেধাবী ছাত্র সাগর পাল পড়াশোনা বন্ধ করে দেবে ভেবেছিল। খবরটি শোনা মাত্র তার পাশে দাঁড়ালেন বিশালগড় থানার ওসি বিজয় দাস। তিনি পহেলা বৈশাখের দিনে দরিদ্র মেধাবী ছাত্র সাগর পালের জন্য দশম শ্রেণীর সমস্ত পাঠ্য বই নোট বই এবং প্রচুর পরিমাণ খাতা কলম বুধবার দুপুরে বিশালগড় থানার মধ্যে মেধাবী ছাত্র সাগর পালের হাতে তুলে দেন। সঙ্গে ছিলেন সিপাহীজলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজিব সূত্রধর। সাগর পালের বাবা সুমন পাল একটি সেলুনে হাজিরার বিনিময়ে কাজ করে। সংসার চালানোই তার পক্ষে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ হেন অবস্থায় কেমন করে সে তার সন্তানের লেখাপড়ার খরচ বহন করবে? খবরটি শোনা মাত্র এক মিনিট সময়ও নষ্ট না করে মেধাবী-দরিদ্র ছাত্র সাগর পালের পাশে দাঁড়ালেন বিশালগড় থানার ওসি বিজয় দাস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজয় দাস বলেছেন তিনি সাগর পাল কে লেখাপড়া চালিয়ে যাওয়ার জন্য সারা জীবন সাহায্য করে যাবেন। অর্থের অভাবে যাতে কোনোভাবেই সাগরের পড়াশোনা বন্ধ না হয় । তিনি সাগরের বাবা সুমন পাল কে কথা দিয়েছেন ডিগ্রি অর্জন করা পর্যন্ত তিনি সাগরের পাশে থাকবেন। বিশালগড় থানার ওসি বিজয় দাসের এই মানবিক কাজকে কুর্নিশ জানিয়েছে গোটা সিপাহীজলা জেলার আরক্ষা প্রশাসন থেকে শুরু করে শিক্ষানুরাগী মহল।