সিধাই, 06/11/2025, নিজস্ব প্রতিনিধি : কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বলি এক নির্দোষ মহিলা। ডাইনি অপবাদে তাকে হত্যা করা হয়েছে। ত্রিপুরার সিধাই থানাধিন মানচরন কোবরা এলাকায় ঘটে গেছে এক মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ড, যা গোটা অঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
এই ঘটনায় সিধাই থানায় একটি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে ২৮ অক্টোবর ২০২৫ তারিখে, মামলা নম্বর 2025SDI071, । ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬শে অক্টোবর রাত প্রায় ১০টার দিকে গ্রামের কয়েকজন ব্যক্তি মিলে ৫১ বছর বয়সী নন্দা রানি দেববর্মাকে তাঁর ঘর থেকে জোর করে টেনে বের করে বেধড়ক মারধর করে। পরে তাঁকে নিজের ঘরের ভিতরে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে মৃতদেহটি মাটির নিচে কবর দেওয়া হয় । নিহতার ছেলে সংকর দেববর্মা এই বিষয়ে সিধাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, পাশাপাশি মৃতার ছোট বোন ও মামলা দায়ের করে। মোট ৯ জন অভিযুক্ত ও আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা রুজু হয়েছিলো। অভিযোগ পাওয়ার পরেই সিধাই থানার তদন্তে গতি আসে, পুলিশ সেই দিনই মৃতদেহ কবর থেকে উঠিয়ে ময়নাতদন্তের পর কবর দেওয়া হয়। পাশাপাশি ৩ জন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, যা সম্পন্ন হয়েছে মোহনপুর সাব-ডিভিশনের এসডিপিও শ্রী সব্যসাচী দেবনাথের নেতৃত্বে ওসি ইনস্পেক্টর অজিত কুমার চাকমা ও তদন্তকারী অফিসার এসআই মোঃ মামন উল্লা কাজী-র সক্রিয় তৎপরতায়। গতকাল এই খুন কাণ্ডের মূল পান্ডা প্রফুল্ল দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ এখন পর্যন্ত এই ডাইনি অপবাদে খুনের ঘটনায় গ্রেফতার মোট ৪ জন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান সিধাই থানার ওসি অজিত কান্তি চাকমা।