উত্তর ২৪ পরগনা, ১০ই জুলাই ২০২৬, নিজস্ব প্রতিনিধি : অষ্টম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে দিনের পর দিন যৌন অত্যাচার চালাতো তার সৎ দাদু ও সৎ বাবা। স্কুলে এসে শারীরিক সমস্যা হওয়ায় মেয়েটি শিক্ষিকাকে ঘটনার কথা জানায়। এরপরে ওই শিক্ষিকা বুধবার দুপুরে কিশোরীকে সঙ্গে নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে। জানা গিয়েছে বিভিন্ন কারণে কয়েক বছর আগে কিশোরীকে সঙ্গে নিয়ে নিজের স্বামীকে ছেড়ে তার মা অভিযুক্তের সাথে দ্বিতীয় বিয়ে করে । এরপর তারা একসঙ্গে থাকতে শুরু করে। অভিযোগ বছর দুই ধরে কিশোরীর সৎ দাদু তাকে যৌন নির্যাতন করতো । সম্প্রতি তার সৎ বাবাও যৌন নির্যাতন শুরু করে। ভয়ে কাউকে এবিষয়ে প্রথমে কিছুই জানায়নি নিগৃহীতা কিশোরী। বুধবার স্কুলে এসে শারীরিক সমস্যা দেখা দিলে স্কুলের শিক্ষিকাকে বিষয়টি জানান। আজ ধৃতদের তোলা হবে বারাসাত আদালতে। তাদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত সৎ বাবার দাবী তাকে ফাঁসানো হয়েছে।