শান্তির বাজার, ১০ই জুলাই ২০২৬, নিজস্ব প্রতিনিধি : পশ্চিম জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় এক ঠিকাদারের বাড়িতে নিগোসিয়েশন কমিটির পক্ষ থেকে ব্যাপক উৎপাত ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার সকালবেলা পশ্চিম জোলাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এলাকায় ঠিকাদার সুপ্রিয় দত্তের বাড়িতে হঠাৎ করেই রাস্তাঘাটে বিশৃঙ্খলা এবং অকথ্য গালিগালাজের আওয়াজ শুনতে পান বিশ্বজিৎ দত্ত। বাড়ি থেকে বেরিয়ে তিনি দেখেন, প্রায় দেড় থেকে দুইশ মানুষের একটি দল সেখানে উপস্থিত হয়ে বিশ্রীভাবে গালিগালাজ করছে।বিশ্বজিৎ দত্ত একজন শহীদ পরিবারের সদস্য এবং ব্যবসায়ী। তিনি জানান, ঘটনাস্থলে আসা এই বিশৃঙ্খল জনতা 'নিগোসিয়েশন কমিটি'-র সদস্য। কমিটির এমন আক্রমণাত্মক আচরণ এবং ক্রমাগত উৎপাত অত্যন্ত নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন। বিশ্বজিৎ দত্ত ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমাদের পরিবারের সবাই সমাজের নানাবিধ সামাজিক কাজের সঙ্গে যুক্ত। আমাদের পরিবারকে স্থানীয়রা অনেক সম্মানের চোখে দেখেন, কিন্তু হঠাৎ করে ওরা এসে এভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।"প্রায় আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা ধরে এই বিশৃঙ্খলা চলতে থাকে। এ বিষয়ে বিশ্বজিৎ আরও বলেন, "বর্তমান সরকার শহীদ পরিবারদের বিশেষ সম্মান প্রদান করে, আমরাও তাদের সম্মান করি। কিন্তু নিগোজিশেন কমিটির এই ধরনের উৎপাতের শিকার হওয়াটা আমাদের কাম্য নয়।"পরবর্তীতে ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ঠিকাদার পরিবারটি অত্যন্ত মর্মাহত। বিশ্বজিৎ দত্ত এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তিনি বলেন, "আমরা সমাজে সুস্থভাবে বসবাস করতে চাই। কোনো কারণেই যাতে আমাদের সামাজিক ভাবমূর্তি নষ্ট না হয় এবং কোনো রকম সামাজিক অবক্ষয় না ঘটে, সেটাই আমাদের মূল চাওয়া।