দরিদ্র পরিবারের ৩৭ পড়ুয়াকে   'দা কম্পিউটার পয়েন্ট’-এর সহযোগিতায়  কম্পিউটার প্রশিক্ষণের  উদ্যোগ নিল ১২৪ বিএন সিআরপিএফ।
রাজ্য

দরিদ্র পরিবারের ৩৭ পড়ুয়াকে 'দা কম্পিউটার পয়েন্ট’-এর সহযোগিতায় কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ নিল ১২৪ বিএন সিআরপিএফ।

আগরতলা, ১লা অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিনিধি : আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে উদ্যোগ নিল ১২৪ বিএন সিআরপিএফ। সিভিক অ্যাকশন প্রোগ্রাম ২০২৬-২৭-এর আওতায় ‘দা কম্পিউটার পয়েন্ট’-এর সহযোগিতায় শুরু হয়েছে বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি। এতে দশম ও দ্বাদশ শ্রেণির মোট ৩৭ জন পড়ুয়াকে প্রশিক্ষণ দেওয়া হবে।
১২৪ বিএন সিআরপিএফ-এর দ্বিতীয় কমান্ড্যান্ট শচীদানন্দ মিশ্র জানান, পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই এই উদ্যোগ। প্রশিক্ষণে পড়ুয়াদের কম্পিউটারের প্রাথমিক বিষয় ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।
‘দা কম্পিউটার পয়েন্ট’-এর কর্ণধার ধনঞ্জয় ভট্টাচার্যী বলেন, বর্তমান সময়ে কম্পিউটার শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদের প্রযুক্তিগত শিক্ষার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। সংশ্লিষ্টদের আশা, প্রশিক্ষণটি পড়ুয়াদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা ও কর্মজীবনে সহায়ক হবে।