উদয়পুর, 04/11/2025, নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার সকাল ৭টা ৩৭ মিনিট নাগাদ উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে আসে এক জরুরি ফোনকল, উদয়পুর বনদুয়ার এলাকার বিদ্যুৎ দপ্তরে লেগেছে ভয়াবহ আগুন। খবর পেয়ে মুহূর্তের মধ্যেই নড়েচড়ে বসে অগ্নি নির্বাপক দপ্তর। অফিসার ইনচার্জ জীবন সরকারের নেতৃত্বে একদল কর্মী একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন। কিন্তু পৌঁছে দেখা যায়, আগুনের তীব্রতা এতটাই যে এক ইঞ্জিনে পরিস্থিতি সামাল দেওয়া অসম্ভব।
পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে দ্রুত আরও দুটি ইঞ্জিন ডাকা হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তর থেকে। টানা প্রচেষ্টায় আগুন আয়ত্তে আনার চেষ্টা চলতে থাকে, কিন্তু ঘন ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় দমকল কর্মীরা বেগ পেতে থাকেন। অবশেষে কাঁকড়াবন এবং পালা টানা ওটিপিসি দপ্তর থেকেও দুইটি অতিরিক্ত ইঞ্জিন নিয়ে আসা হয়। মোট পাঁচটি ইঞ্জিন প্রায় দেড় ঘণ্টা নিরলস প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ওসি জীবন সরকার জানান, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে আগুনটি বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুম থেকেই সূত্রপাত হয়েছে। কীভাবে আগুন লাগে তা এখনও নিশ্চিত নয়, তদন্ত চলছে। তিনি আরও জানান, সৌভাগ্যবশত বড় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে বিদ্যুৎ দপ্তরের একাংশ সম্পূর্ণ পুড়ে গেছে।
এদিকে, এই ভয়াবহ আগুনে মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উদয়পুর শহরজুড়ে। আগুনের তেজ এতটাই ছিল যে আশপাশের ঘরবাড়ির বাসিন্দারা ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। অনেকে আতঙ্কে অন্যত্র নিরাপদ আশ্রয়ে চলে যান। দীর্ঘক্ষণ ধরে আকাশে কালো ধোঁয়ার স্তম্ভ দেখা যায়।
শেষমেশ আগুন নিয়ন্ত্রণে এলে স্বস্তির নিঃশ্বাস ফেলেন স্থানীয় বাসিন্দারা। দমকল বিভাগের দ্রুত তৎপরতার ফলেই বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।