কৈলাসহর, 05/11/2025, নিজস্ব প্রতিনিধি : গতকাল রাত্রিবেলা কৈলাসহর পুরপরিষদের অধীনে দুর্গাপুর ১৫ নং ওয়ার্ড এলাকায় এক ব্যক্তির একটি গাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা মৃন্ময় মল্লিক নামে ওই ব্যক্তি সহ পরিবারের লোকেরা গতকাল রাত্রিবেলা প্রতিদিনের মত খাওয়া দাওয়া করে গেইটে তালা মেরে শুয়ে পড়েন। আজ উনার বাড়িতে একটি অন্নপ্রাশনের অনুষ্ঠান রয়েছে, তাই গতকাল রাত্রিবেলা ঘুমোতে একটু দেরি হয়, রাত প্রায় দুইটা নাগাদ দুই যুবক গেইট টপকে ওনাদের বাড়িতে প্রবেশ করে ডাকাডাকি শুরু করে। উনারা ঘুম থেকে উঠে ঘর থেকে বের হলে সেই দুই যুবক জানায় গাড়ির মধ্যে আগুন জ্বলছে। এরপর উনারা জল ঢেলে আগুন নিভিয়ে ফেলে, যদিও গাড়ির অনেকটা পুড়ে যায় এবং ক্ষতি হয় প্রচুর তবে রাতের আধারে কারা এই কাজ সংগঠিত করল এই বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার খবর পেয়ে আজ কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।